জাতীয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঊর্ধ্বতন ১০ কর্মকর্তার রদবদল
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে একযোগে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে একযোগে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এই রদবদলের আদেশ জারি করা হয়।
বিমান সূত্রে জানা গেছে, বদলি ও নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মহাব্যবস্থাপক (স্টোর এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
এছাড়া মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব দেওয়ার পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) ও অতিরিক্ত দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়। ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে পরিকল্পনা পরিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং খন্দকার বাকী উদ্দিন আহমদকে স্টোর এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে পাঠানো হয়েছে।
আদেশে আরও জানানো হয়, এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং), মো. ফজরুল আলমকে মানবসম্পদ বিভাগে এবং এ জেড এম আরিফকে পোল্ট্রি কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুমের সই করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় এবং সংশ্লিষ্টদের দ্রুত নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

